মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব শুরু রাজশাহীতে
রাজশাহীতে গতকাল বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো ভারত ও বাংলাদেশের পাঁচটি নাট্যদলের পাঁচটি নাটক নিয়ে ‘মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব’ শুরু হয়েছে। নাট্য আন্দোলন মঞ্চ রাজশাহী এই উৎসবের আয়োজন করেছে।
রাজশাহী শিল্পকলা একাডেমিতে এর উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। সভাপতিত্ব করেন নাট্য আন্দোলন মঞ্চ রাজশাহীর আহ্বায়ক কামার উল্লাহ সরকার। অনুষ্ঠানে সাংসদ ফজলে হোসেন বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে এবং যুদ্ধে ভারত যে অবদান রেখেছে—তারই সূত্র ধরে তিনি এই উৎসবের পৃষ্ঠপোষকতা করছেন।
উদ্বোধনী পর্বে পাঁচটি প্রদীপ প্রজ্বালন করা হয়। শুরুতে দলীয় নৃত্য পরিবেশন করেন উৎপত্তি নৃত্যাশ্রমের শিল্পীরা। এরপর ভারতের কল্যাণী নাট্যচর্চাকেন্দ্রের নাটক গোড়ায় গলদ মঞ্চস্থ হয়।