মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে সস্ত্রীক জেনারেল ভি কে সিং
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল ভি কে সিং গতকাল মঙ্গলবার সস্ত্রীক মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ‘শিখা চিরন্তনে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আক্কু চৌধুরী, জিয়াউদ্দিন, তারিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।জেনারেল ভি কে সিং গতকাল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান। পরে তিনি সেনাসদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।