মুক্তিযুদ্ধকালে কাদের মোল্লা গ্রামের বাড়িতে ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী সুশীল চন্দ্র মণ্ডল। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধকালে কাদের মোল্লা ফরিদপুরে গ্রামের বাড়িতে ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সুশীলের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে সুশীল চন্দ্র (৮২) বলেন, তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার আমিরাবাদ গ্রামে। তাঁর বাড়িতে সন্তোষ নামের এক শিক্ষকের কাছে কাদের মোল্লাসহ আরও কয়েকজন ছাত্র পড়তে আসত। আমিরাবাদ স্কুল থেকে মাধ্যমিক পাস করে কাদের মোল্লা ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ভর্তি হন এবং সেখান থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস করেন। পরে তিনি বাইশরশি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। একসময় তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকায় চলে যান।আসামিপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের ৭ মার্চ জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণের পর ঢাকার সব স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। ওই ভাষণের ছয়-সাত দিন পর তিনি দেখেন, কাদের মোল্লা তাঁদের (সাক্ষী) পাশের বাড়িতে বোনের কাছে গিয়ে উঠেছেন। পরে কাদের মোল্লা স্থানীয় ধলা মিয়া পীরের বাড়িতে গিয়ে ওঠেন এবং পীরের বড় ছেলের সঙ্গে চৌদ্দরশি বাজারে গিয়ে ব্যবসা করেন। দেশ স্বাধীন হওয়ার ৯-১০ মাস পর তিনি আবার লেখাপড়া করতে ঢাকায় যান। জবানবন্দির শেষ দিকে তিনি দাবি করেন, ‘কাদের খুব ভালো মানুষ।’জবানবন্দি শেষে সুশীলকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আজ: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী মো. গোলাম রসূলকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। শারীরিক কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন।