মুক্তিযুদ্ধকে অপমানকারীদের প্রত্যাখ্যান করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘কেউ যদি বলে, মুক্তিযুদ্ধে বাংলাদেশে ৩০ লাখ শহীদ হননি, তবে তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত। এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার অধিকার কীভাবে তারা রাখে?’
গতকাল রোববার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলায় আয়োজিত এক গণজমায়েতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বক্তৃতায় মিজানুর রহমান কারও নাম উল্লেখ না করে আরও বলেন, ‘তুমি কে হে? তুমি কেমন করে উচ্চারণ করো বুদ্ধিজীবীরা নির্বুদ্ধিতার জন্য মারা গেছেন? কেমন করে এমন উদ্ধত ও কুরুচিপূর্ণ মন্তব্য করো? স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এমন ধৃষ্টতাকারীদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।’
উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে বিকেল চারটায় ‘মানবাধিকার সুরক্ষা ও নারীর প্রতি সহিংসতা রোধ’ শীর্ষক এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। দয়ামীর ইউনিয়ন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলী।
বাল্যবিবাহের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শওকত আলী বলেন, বাল্যবিবাহ নারীর প্রতি সহিংস আচরণেরই বহিঃপ্রকাশ। শৈশবে একটি মেয়েকে বিয়ে দেওয়ার মাধ্যমে তার স্বকীয়তা ও স্বাভাবিক বেড়ে ওঠাকে হত্যা করা হয়। এই হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, কোনো নারীর প্রতি যদি পুরুষেরা সহিংস আচরণ করে থাকেন, তবে সমাজের পুরুষদের পাশাপাশি সেই নারীকেও প্রতিবাদী হওয়া উচিত।
মিজানুর রহমান বলেন, নারীকে তাঁর প্রাপ্য মর্যাদা সবাইকে দিতে হবে। কেবল শারীরিক নির্যাতনই নয়, মানসিক নির্যাতনও সহিংসতার পর্যায়ে পড়ে। নারী-পুরুষের বৈষম্যের পাশাপাশি কোনো ধর্ম-বর্ণ, উঁচু-নীচু, ধনী-গরিব কিছুরই প্রভেদ এই রাষ্ট্রে থাকতে পারে না। এটি আপামর মানুষের রাষ্ট্র।