মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান পরিষ্কার করেছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির দাবি, মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে খালেদা জিয়া এ বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তিনি তাঁর মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান পরিষ্কার করেছেন।গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন ডেকে খালেদা জিয়ার বক্তব্যের পর জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে ওই বক্তব্য প্রত্যাখ্যান করেন।বিবৃতিতে জাসদের নেতারা দাবি করেন, খালেদা জিয়া ইনিয়ে-বিনিয়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিরোধিতা করছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা ও রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডকে সমর্থন করছেন। অযৌক্তিক হরতাল ডেকে তাঁর অসুস্থ রাজনৈতিক চিন্তা ও চরম দায়িত্বজ্ঞানহীনতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া গত কয়েক দিনের ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে একাত্তরে ৩০ লাখ মানুষকে গণহত্যার ঘটনা ম্লান করতে চাইছেন। বিএনপি সম্পূর্ণভাবে জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির ওপর নির্ভরশীল একটি দলে পরিণত হয়েছে।