মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী গতকাল বুধবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের টেন্টে (ছাত্র সংগঠনের জন্য নির্ধারিত বসার স্থান) এ প্রদর্শনী আজ বৃহস্পতিবার শেষ হবে।

প্রদর্শনীর প্রথম দিনে গতকাল দুপুর পৌনে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শন চলে। এতে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও ব্যক্তিদের ছবি স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ, জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি। পাশাপাশি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের অসহযোগ আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, ছেষট্টির ছয় দফা আন্দোলন-সংশ্লিষ্ট কিছু ছবিও রাখা হয়েছে। সব মিলিয়ে ছবি আছে ৬১টি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হক অন্যান্যের মধ্যে গতকাল আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝাঁ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ, সহসাধারণ সম্পাদক আল আমিন সরদার, দপ্তর সম্পাদক শামছুল ইসলাম মারুফ প্রমুখ।

দ্বিতীয় দিনে আজ সকাল নয়টায় প্রদর্শনী শুরু হয়ে বেলা দুইটায় শেষ হবে।

সুশান্ত ওঝাঁ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা ও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করতেই আমাদের এ আয়োজন।’