মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'অসমাপ্ত' মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক অসমাপ্ত মঞ্চায়ন হয়। ছবিটি গত সোমবার রাতে তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক অসমাপ্ত মঞ্চায়ন হয়। ছবিটি গত সোমবার রাতে তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জের নাট্যাঙ্গন আবারও মুক্তিযুদ্ধের নাটক নিয়ে সরগরম হয়ে উঠেছে। জেলা সদরের নাট্যসংগঠন তরুণ সম্প্রদায়ের প্রযোজনায় শহরের ভাসানী মিলনায়তন মঞ্চে মঞ্চায়ন হয় মুক্তিযুদ্ধের নাটক অসমাপ্ত। ৭ এপ্রিল থেকে শুরু হয়ে এ নাটকটি গত মঙ্গলবার শেষ হয়েছে।
নাটকটির ব্যতিক্রমী দিক ছিল শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের এক নারী রাজাকারের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা। উপজেলার গোপীনাথপুর গ্রামের গৃহবধূ নূরজাহান ১৯৭১ সালে ছিলেন নারী রাজাকার। তাঁর স্বামী ছানোয়ারকে সাহায্য করতে করতে তিনি রাজাকার হয়ে ওঠেন। লুট, ধর্ষণ, খুন সবকিছুতেই তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন। গোপীনাথপুর গ্রামে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছিল রাজাকারদের দুঃসহ পদচারণ। নূরজাহান ও ছানোয়ারের মতো স্বার্থপর মানুষের সহায়তায় গোপীনাথপুরে লুট আর হত্যাযজ্ঞ চালিয়েছিল রাজাকার ও আলবদর বাহিনী। ১৯৭১ সালে যুদ্ধের সময় গোপীনাথপুর গ্রামটি নরকে পরিণত হয়েছিল। এসবের মধ্যেও ওই গ্রামের দামাল ছেলেরা যুদ্ধে গিয়েছিলেন। তাঁরা পাকিস্তানি সেনাদের সঙ্গে গেরিলা ও সম্মুখযুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। এসব পটভূমিতে তৈরি নাটক অসমাপ্ত দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। নাটকে আজকের প্রজন্মের মানুষের কাছে যুদ্ধের সেই কথাগুলোকে তুলে ধরায় প্রয়াস দারুণভাবে প্রশংসিত হয়েছে।
নূরজাহানের চরিত্রে তরুণ অভিনেত্রী নিলা রহমানের অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে। এ ছাড়া রাজাকারের চরিত্রে ফরিদুল ইসলাম ওরফে সোহাগ, খালেক মাওলনার চরিত্রে আসাদ উদ্দিন, ওসমানের চরিত্রে ইমরান হোসেনের অভিনয় দর্শকদের দীর্ঘদিন মনে থাকবে।
অন্য চরিত্রে সুমন, তাহমিনা কলি, আয়শা নাসরিন, জান্নাতুল ফেরদৌস, রন্টি, তুহিন রহমান, পিদিম, শান্ত, শাকিল, অনিক, আসাদ, মৌ, মোহনী, মীম, কেয়া, খ. ম. আখতার হোসেন, আবদুর রাজ্জাক, পাপ্পু, বাবু, হাসান, মনোয়ার, আবীর, অনিক, শাকিল, মোনা, সুইটি ও কণা ভালো অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন।
মাহফুজা হিলালী নাটকটি রচনা করেছেন। পরিচালনায় ছিলেন আমিনুল রহমান। সহযোগী ছিলেন এ কে আজাদ। নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে আনু ইসলাম, আছির উদ্দিন, হেলাল আহমেদ, মাহবুব এ খোদা ও ইমরান মুরাদ নাটকটির প্রসংশা করেছেন। তাঁরা শুধু সিরাজগঞ্জেই নয়, দেশের সর্বত্র এমনকি দেশের বাইরেও নাটকটি মঞ্চস্থ করার ওপর জোর দেন।