‘মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা ও বাংলাদেশের অর্জন’—এ বিষয়কে প্রতিপাদ্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার আজ শুক্রবার শুরু হচ্ছে। মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।আইবিএসের পরিচালক এম মাহবুবর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে আজ সকাল নয়টায় সেমিনারের উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটবিষয়কমন্ত্রী লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম নূরুল্লাহ। সেমিনারের উদ্বোধনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক ও ফোকলোর বিশারদ শামসুজ্জামান খান।