মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিমানচিত্রে পরিবর্তন আনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবনগরে নির্মাণাধীন মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিমানচিত্র প্রকল্পে সংযোজন ও বিয়োজনের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার মেহেরপুরে কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়। এই প্রথম সংসদীয় কমিটির কোনো সভা ঢাকার বাইরে অনুষ্ঠিত হলো। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি চাঁদপুর-৫ আসনের সাংসদ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান, সংরক্ষিত আসনের নারী সাংসদ রুবী রহমান, মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, প্রকল্প পরিচালক সৈয়দ মহিবুল হক, কমিটির গণসংযোগ কর্মকর্তা লাবণ্য আহমেদ প্রমুখ।এর আগে সকালে কমিটি ওই স্মৃতিমানচিত্র প্রকল্প পরিদর্শনে যায়। পরিদর্শনকালে সেখানে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের ভাস্কর্যসহ বিভিন্ন ভাস্কর্য ভেঙে পরিবর্তন ও পরিবর্ধন ছাড়াও মুজিবনগরের প্রবেশ ফটকের নকশায় পরিবর্তন এনে ফটকের দুই দিকে বঙ্গবন্ধুর বিশাল দুটি ম্যুরাল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, স্মৃতিমানচিত্রে অনেক কিছুই অস্পষ্ট রয়েছে। অনেক ভাস্কর্য ত্রুটিপূর্ণ ও বিকৃত করা হয়েছে, যা দেখে পর্যটকেরা একনজরে সবকিছু বুঝে উঠতে পারেন না। মানচিত্রের বাইরে যেসব ম্যুরাল তৈরি করা হয়েছে, তাতে ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। তাই সেগুলোতে পরিবর্তন আনা হবে।সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, মুজিবনগর প্রকল্পের ত্রুটিপূর্ণ কাজের জন্য যারা দায়ী, তারা কাজ শেষ করে বিল তুলে নিয়েছে। তাই তাদের বিচারের আওতায় আনা যাচ্ছে না।এক প্রশ্নের জবাবে কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে জানান, মুজিবনগরের মুক্তিযুদ্ধভিত্তিক প্রকল্পকাজে ত্রুটি নিয়ে কমিটির ৩০তম সভায় আলোচনা হয়েছিল। তৈরি জিনিস ভেঙে নতুন করে আবার তৈরি করতে হবে। এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এটা না করলে সরকার বদল হলে আবার এসব প্রকল্পে পরিবর্তন আনা হতে পারে। এতে শুধু রাষ্ট্রের অর্থ অপচয় হবে।