বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘আমরা বহু বছর ধরে নিজের দেশের জন্য যুদ্ধ করার সুযোগ পাইনি। একাত্তর সালে যাঁরা সেই সুযোগটা পেয়েছিলেন, তাঁরা নিশ্চয়ই ভাগ্যবান। তেমন একজন ভাগ্যবানের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা উপস্থিত হয়েছি।’গতকাল শনিবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে কাজী কামাল বীর বিক্রমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাবিবুর রহমান এসব কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘যাঁকে সম্মান জানানোর জন্য আমরা এখানে এসেছি, তিনি একজন প্রাণবান ও নিরহংকার লোক ছিলেন। আত্মপ্রচারের জন্য তিনি তেমন কিছু করেননি। আমরা ছাপোষা কেরানির দল, আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের দুই বছরের জ্যেষ্ঠতা দিলেই তাঁর অবদানকে স্বীকার করা হবে। এ দুই বছরের জ্যেষ্ঠতা দিয়ে আমরা প্রশাসনে, সমাজে নানা ধরনের শঙ্কা সৃষ্টি করছি। তবে যা-ই হোক, মুক্তিযুদ্ধের চেতনা এখনো অনির্বাণ এবং টিকে থাকবে।’সভাপতির বক্তব্যে মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া বলেন, ‘মুক্তিযোদ্ধা কাজী কামালউদ্দিন তৎকালীন পূর্ব পাকিস্তান বাস্কেটবল দলের খেলোয়াড় ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের জাতীয় দলের কোচ ছিলেন। একজন গণযোদ্ধা হিসেবে সরকার তাঁকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেছে। এখন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য কাজী কামালকে স্বাধীনতা পদক প্রদানের আহ্বান জানান তিনি।দ্য নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল বলেন, ‘কাজী কামাল ছিলেন ঢাকায় ক্রীড়াঙ্গনের উজ্জ্বল তারকা। আমাদের কাছে তিনি ছিলেন কাজী ভাই। তাঁর একটা গুণ সবাইকে আকৃষ্ট করত। তিনি কখনো পেছনের দিকে তাকাতেন না। কখনো হতোদ্যম হয়ে হাল ছেড়ে দিতেন না। যখনই দরকার পড়ত, দায়িত্ব কাঁধে তুলে নিতেন। ছিলেন অসমসাহসী, যেকোনো মুহূর্তে পাকিস্তানি সেনাদের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন তিনি।সাদেক হোসেন খোকা বলেন, ‘কাজী ভাইকে প্রথমে জানি ক্রীড়াবিদ হিসেবে। এমনভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যে তাঁর সহযোদ্ধারা অবাক হয়েছিলেন। যুদ্ধে অবদানের জন্য কী পাওয়া উচিত এটা কখনো বিবেচনায় নেননি। নিজের সুযোগ-সুবিধার কথা ভাবেননি। তিনি প্রকৃত অর্থে দেশপ্রেমিক ও ভালো মানুষ ছিলেন।’কাজী কামালের অনুরাগীরা এ স্মরণসভার আয়োজন করেন। সভাপতিত্ব করেন সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া। আহমেদ পারভেজ শামসুদ্দীনের পরিচালনায় স্মরণসভায় সহখেলোয়াড় হিসেবে স্মৃতিচারণা করেন বাস্কেটবল কোচ মাহাতাবুর রহমান, হাবিবুল আলম বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) নুরুন্নবী চৌধুরী প্রমুখ।