সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর জাতীয় সম্মেলনে বিচারপতি খায়রুল হক
মুক্তিযুদ্ধে কৃষকের অবদান কোনো জেনারেলের চেয়ে কম নয়
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। এ দেশ সবার জন্য। সবাই যে যার ধর্ম পালন করতে পারে।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর চতুর্থ জাতীয় সম্মেলনে বিচারপতি খায়রুল হক এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে গতকাল শনিবার সারা দিন এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ উল্লেখ করে বিচারপতি খায়রুল হক বলেন, যাঁরা রাইফেল দেখেননি, তাঁরাও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কৃষকেরা গেরিলাযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। তাঁদের বীরত্ব কোনো জেনারেল, ফিল্ড মার্শালের চেয়ে কম ছিল না। তাঁরা হয়তো কোনো পদক পাননি, তাঁরা কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, কিন্তু এটাই তাঁদের শ্রেষ্ঠ বীরত্ব যে তাঁরা যখন যুদ্ধে গিয়েছিলেন তাঁরা জানতেন না, সেখান থেকে ফিরবেন কি না।
গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সেক্টর কমান্ডারস ফোরামের কনভেনশন শুরু হয়। কনভেনশনে আরও বক্তব্য দেন ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ, কনভেনশনের আহ্বায়ক ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব হারুন হাবীব।