মুক্তিযুদ্ধে গণহত্যা পাকিস্তান অস্বীকার করতে পারে না: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধে গণহত্যা সত্য, পাকিস্তান এটিকে অস্বীকার করতে পারে না বলে জানিয়েছে বিএনপি।

বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়, আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, পাকিস্তান এখন যাই বলুক না কেন, তারা সত্য লুকাতে পারবে না। তিনি বলেন, ‘আমি খুব সংক্ষেপে বলতে চাই পাকিস্তানি বাহিনী গণহত্যা এবং নৃশংসতা চালিয়েছে। এটি এখন কোনোভাবেই লুকানো সম্ভব নয়।’

এর আগে গতকাল সোমবার পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে পাকিস্তান। এ সময় তাঁর হাতে প্রতিবাদপত্র তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্ক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ফয়সাল। ওই প্রতিবাদপত্রে গত ২৩ নভেম্বর বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিবাদপত্রকে ‘ভিত্তিহীন দাবি’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করা হয়। এ ছাড়া গণহত্যা কিংবা মানবতাবিরোধী অপরাধে মদদ দেওয়ার অভিযোগও পাকিস্তান প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, দেশে এখন অনেকভাবেই মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এতে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। এমনকি ইউরোপীয় পার্লামেন্ট এবং জাতিসংঘও দেশের মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।