মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রশ্ন তুলেছেন, মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় জিয়াউর রহমান কীভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন? তিনি বলেন, ’৭৫-এ জাতির জনকের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের ভূমিকা ছিল বিজিত পাকিস্তানি বাহিনীর কমান্ডারের মতো।‘যুদ্ধাপরাধ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ বিষয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরুর পর নতুন করে জঙ্গি তৎপরতার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি সত্য কথা বলার কারণে অনেকের অন্তর্জালা শুরু হয়েছে, বিভিন্নভাবে তাঁরা আমার ও আমার পরিবার সম্পর্কে মিথ্যাচার করছেন। আমি তাঁদের আহ্বান জানাব, আসুন যেকোনো টক শোতে। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। যদি সঠিক উত্তর আপনারা দিতে পারেন, আমার বক্তব্য থেকে আমি ফিরে যাব।’