মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা এখনো অনালোচিত: মেনন
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা এখনো অনালোচিত বিষয়। মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যাঁরা খাবারের ব্যবস্থা করেছেন, শুশ্রূষা করেছেন, সাহস জুগিয়েছেন। তাঁরা শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।
আজ শুক্রবার বিকেলে নারী মুক্তি সংসদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও নারী’ শীর্ষক আলোচনা সভায় মেনন এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে রাসেল মঞ্চে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁরা যে সম্মান দাবি করেন, যেসব নারী মুক্তিযুদ্ধে তাঁদের সম্ভ্রম হারিয়েছেন তারাও একই সম্মান দাবি করতে পারেন। যাঁরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের যথাযথ স্বীকৃতি প্রয়োজন। অনেক দেরিতে হলেও সরকার নারীদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস বলেন, অধিকার লড়াই করে আদায় করে নিতে হয়। কোনো নেতা-নেত্রীর প্রশংসা করে অধিকার আদায় করা যাবে না। নারীদের সামগ্রিক অধিকার আদায় করতে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিক নাছিমুন আরা বলেন, মুক্তিযুদ্ধে নারীর অবদান কম নয়। কিন্তু কেন জানি নারীর অবদান কার্পেটের নিচে ঢুকিয়ে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রচার করা হয় মেয়ে যুদ্ধ করেছে বা নির্যাতিত হয়েছে এমন বললে বিয়ে হবে না। এভাবে নারীর অনেক অবদানের কথা চাপে পড়ে যায়। মুক্তিযুদ্ধে অনেক নারী শুধু সেবা শুশ্রূষা বা শিল্পী হিসেবে কাজ করেননি, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। যাঁরা মুক্তিযুদ্ধে নির্যাতিত হয়েছিলেন তারাও মুক্তিযোদ্ধা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের সভাপতি হাজেরা সুলতানা।