মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা এবং তারপর...
বিথীকা বিশ্বাস, শিশির কণা পাকিস্তানি সেনাদের গানবোটে গ্রেনেড মেরে উড়িয়ে দিয়েছেন। বিথীকা বেয়নেট চার্জ করে ধরা পড়া এক রাজাকারকে মেরেছেন। আরেক নারী ওই লাশ সরিয়েছেন। মৃণালিনী ওঝা রাজাকারের পরিবারের ভেতর থেকে তথ্য সংগ্রহ করতেন। গ্রামের সবাই মিলিটারি ও রাজাকারের ভয়ে পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে আছেন। বাচ্চা কান্না শুরু করলে সবার প্রাণ যাবে ভেবে মা তাঁর সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেললেন। এঁরা সবাই ছিলেন নারী মুক্তিযোদ্ধা।
নিজের এবং অন্যদের করা গবেষণা থেকে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশ নেওয়া এই নারীদের কথা তুলে ধরেন মুক্তিযোদ্ধা ও ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ।
‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা এবং তারপর...’ বিষয়ক আলোচনায় শারমিন মুরশিদ বলেন, মুক্তিযুদ্ধের পর বিথীকা ও শিশির কণাকে পরিবার ও সমাজ গ্রহণ করেনি। কোনো মুক্তিযোদ্ধা তাঁদের বিয়ে করতে চাননি। ভারতে গিয়ে বিয়ে করেন বিথীকা। অনেককে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি একেবারে চেপে যেতে হয়। সাহসী মুক্তিযোদ্ধা হয়েও স্বামীর দ্বিতীয় বিয়ে ও প্রতিনিয়ত নির্যাতন সহ্য করছেন একজন। হাত বা পা হারানো মুক্তিযোদ্ধারা বীরের সম্মান পেয়েছেন। দেশ, সমাজ তাঁদের সংবর্ধনা দিয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধে ‘সম্ভ্রম’ হারানোর কারণে নারীদের সমাজচ্যুত করা হয়েছে। মুক্তিযুদ্ধের আলোচনায় ঘুরে ফিরে নারীর ‘সম্ভ্রম’ হারানোর বিষয়টি প্রাধান্য পায়। অথচ যুদ্ধের সময় নারী পরিবারের কাঠামোটি টিকিয়ে রেখেছে, মুক্তিযোদ্ধাদের খাবার রান্না করে দিয়েছে, প্রাণ দিয়েছে সেসব কথা আলোচনায় আসে না। সমাজ এসব নিয়ে আপ্লুত হয় না।
আজ শনিবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এর নারী পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় শারমিন মুরশিদ সেক্টর কমান্ডারস ফোরাম যাতে প্রতি বিভাগে এই নারীদের একত্র করার উদ্যোগ নেয় সে আহ্বান জানান। এ ছাড়া নারী মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করারও আহ্বান জানান তিনি।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সেমিনারের আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে নবনির্বাচিত নারী পরিষদের অভিষেক শুরু হয়। কমিটির সদস্যদের শপথ করান সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার। তিনি বলেন, সম্প্রতি দেশের একজন শীর্ষ নেত্রী শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরেক নেতা বলেছেন, মুক্তিযুদ্ধের সময়কার বুদ্ধিজীবীরা নির্বোধ ছিলেন। তাই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলেই স্বপ্নের বাংলাদেশ পাওয়া যাবে না। তিনি নারী পরিষদের সদস্যদের তরুণ প্রজন্মের বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। এই তরুণেরাই হবে দেশ গড়ার হাতিয়ার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় পরিষদের কার্য নির্বাহী কমিটির সহসভাপতি কর্নেল (অব.) আনোয়ার উল আলম বলেন, বিভিন্ন সরকার ক্ষমতায় এসেই মুক্তিযোদ্ধাদের তালিকা পরিবর্তন করে। এটি লজ্জাজনক। অথচ দেশে রাজাকারদের তালিকা তৈরি হয় না।
নারী পরিষদের এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা শিরিন বানু। নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক মেজর (অব.) শেখ দলিল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারী পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ। আলোচনায় অংশ নেন পরিষদের সহ সভাপতি নাসিমুন আরা হক।