মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নিয়ে ম্যুরাল ইডেনে
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা এবং নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত হয়েছে ম্যুরাল। রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ ও ২ নম্বর ফটকের মধ্যবর্তী দেয়ালে এই ম্যুরাল নির্মিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় কলেজে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ম্যুরালের উদ্বোধন করেন। তিনি কলেজের দক্ষিণ পাশে থাকা শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাসের ‘অ্যাকসেস কন্ট্রোল’ এবং পরে কলেজ অডিটোরিয়ামে জরায়ুমুখ ক্যানসার প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগে জরায়ুমুখ ক্যানসারের মতো রোগ নিয়ে সবার মধ্যে লজ্জা কাজ করত। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। নারীর ক্ষমতায়নের জন্য সবার আগে তার সুস্থতা জরুরি। সে কারণেই এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
কলেজের অধ্যক্ষ হোসনে আরা বলেন, বাজারের বর্তমান মূল্যের চেয়ে ৮০ ভাগ কমে ৬০০ মেয়েকে জরায়ুমুখ ক্যানসার প্রতিষেধক টিকা দেওয়া হবে। এ জন্য ওই সব ছাত্রীকে কার্ড করে দেওয়া হয়েছে। তাঁরা নির্ধারিত সময়ে কার্ড প্রদর্শন করে তিন ধাপে কলেজে ক্যাম্পাসেই টিকাটি দিতে পারবেন।
পরে শিক্ষামন্ত্রী শিক্ষকদের নতুন সভাকক্ষ, অভিভাবকদের জন্য তৈরি নতুন দর্শনার্থী কক্ষ ও শিক্ষার্থীদের ঘরে বসে বেতন-ফি পরিশোধের জন্য ‘শিওরক্যাশ’ পেমেন্ট সেবা উদ্বোধন করেন।