শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা দিয়ে গণনা সম্ভব নয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধকালে এত স্বল্প সময়ে এত বেশিসংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে, যা সংখ্যা দিয়ে গণনা সম্ভব নয়। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আলোচনা সভায় বলেন, ‘আমরা হিসাব করি, কিন্তু সংখ্যা দিয়ে এটা হিসাব করা যায় না। কত বাবা-মা, ভাই-বোনেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। যেভাবে এ দেশে গণহত্যা চলেছিল, পৃথিবীর খুব কম দেশেই এত অল্প সময়ের মধ্যে এত লাখ লাখ মানুষকে হত্যা করা হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন যে এ দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, দারিদ্র্যের হাত থেকে বাঁচাতে হলে, এ দেশের স্বাধীনতা জরুরি। তাই তিনি নিজের জীবনটা দিয়ে গিয়েছিলেন এ দেশের মানুষের কল্যাণে।’ এ সময় মুক্তিযুদ্ধে শহীদ এবং জাতির পিতা ও জাতীয় চার নেতা এবং যুদ্ধে সম্ভ্রমহারা দুই লাখ মা-বোনের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান।
আলোচনায় সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূর, শহীদ চক্ষু বিশেষজ্ঞ আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী শম্পা অংশ নেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাগত বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যুদ্ধাপরাধী হিসেবে যাদের সাজা হয়েছে, তারাই মন্ত্রী হয়েছিল।...এই রাজাকার বাহিনীর হাতে যারা এই পতাকা তুলে দিয়েছিল, তারাও সমান অপরাধী।’
মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করে শেখ হাসিনা বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলাম। আমাদের বাংলা বিভাগের শিক্ষক মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশাসহ অনেক শিক্ষককে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। যাদের সঙ্গে ক্লাস করেছি, যাদের সঙ্গে টিউটোরিয়াল গ্রুপে ছিলাম। সে কথাগুলো এখনো মনে পড়ে।’ তিনি বলেন, ‘আমি সব সময় এই কথাটা মনে করি, আমাদের মধ্যে যদি কিছু বেইমানের জন্ম হয়ে আলবদর, আলশামস, রাজাকার বাহিনী তৈরি না হতো, তাহলে হানাদার বাহিনীর পক্ষে কখনোই সম্ভব হতো না বাংলাদেশের আনাচে-কানাচের পথঘাট চেনা।’ পঁচাত্তরের ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, একটি জাতি যখন তার গৌরবের ইতিহাস ভুলে যায়, তখন তারা সামনে এগোবে কীভাবে?
’৮১ সালে দেশে ফেরার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আসার পর ওই ৩২ নম্বরের বাড়িতেও ঢুকতে দেওয়া হয়নি। মৃত বাবা-মা-ভাইদের জন্য দোয়া পড়তে যাব, তা-ও যেতে দেওয়া হয়নি।’
বাবা-মা-ভাই সব হারানোর পরও এ দেশের মানুষের ভালোবাসাই তাঁর প্রেরণা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একটি ঘটনার স্মৃতিচারণা করে তিনি বলেন, একবার ত্রাণ সহায়তা দিতে চর ক্লার্কে গিয়েছিলেন। বন্যায় প্লাবিত রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এক বৃদ্ধ নারী তাঁকে টেনে নিজের ঘরে নিয়ে খেজুরের পাটিতে বসতে দেন। গা-হাতে তাঁর মমতার স্পর্শমাখা হাত বুলিয়ে দেন। উঠানের ডাবগাছ থেকে ডাব পাড়িয়ে কেটে তাঁকে খেতে দিয়ে বলেন, ‘বাপ জীবনটা দিয়ে গেল আমাদের জন্য। তুমিও রাস্তায় নামছ মা আমাদের জন্য, তোমার বাপটা তো জীবনটাই দিয়ে গেল।’