মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় মুজিবনগর সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের প্রতীক
মুক্তিযুদ্ধের প্রতীক

মেহেরপুরের অখ্যাত গ্রাম ভবেরপাড়া। ওই গ্রামেরই বৈদ্যনাথতলায় সাদামাটা পরিবেশে একটি আমবাগানে শপথ নিয়েছিল ঐতিহাসিক মুজিবনগর সরকার। একাত্তরের ১৭ এপ্রিল শপথ নেওয়া ওই সরকারের নেতৃত্বেই যুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ হয় মুজিবনগর। সে সরকারও পরিচিতি পায় মুজিবনগর সরকার নামে। মুজিবনগর বাংলার অস্থায়ী রাজধানীর স্বীকৃতি পায়।
মুজিবনগর সরকার আত্মপ্রকাশের পর টনক নড়ে হানাদার বাহিনীর। তারা তৎকালীন কুষ্টিয়ার মেহেরপুর মহকুমা এলাকা দখল নিতে মরিয়া হয়ে ওঠে। ২১ ও ২৩ এপ্রিল এবং পরে আরও কয়েকবার পাকিস্তানি বাহিনী সেখানকার ইপিআর ক্যাম্প দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে বাধ্য হয়ে মুজিবনগর প্রশাসন সুবিধামতো মুক্তাঞ্চলে চলে যায়। পরে নিরাপত্তাজনিত কারণে ভারতের কলকাতা থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করে প্রবাসী সরকার। এই প্রবাসী বাংলাদেশ সরকার ছিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক।
মুজিবনগর সরকারের শপথের আগে ১৯৭১ সালের ১০ এপ্রিল নির্বাচিত সাংসদেরা (এমএনএ এবং এমপিএ) ভারতের আগরতলায় একত্র হয়ে সর্বসম্মত সিদ্ধান্তে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধে প্রবল গতি সঞ্চার হয়। নতুন অধ্যায়ে প্রবেশ করে বাঙালির মুক্তির সংগ্রাম।
মুজিবনগর সরকারের সংস্থাপনসচিব মোহাম্মদ নুরুল কাদের একাত্তর আমার বইয়ে লিখেছেন, ‘১০ এপ্রিল রাতের বেলা শুনলাম তাজউদ্দীন আহমদ সরকার ঘোষণা করেছেন।...১১ এপ্রিল আকাশবাণীসহ আরও কয়েকটি প্রচারমাধ্যমে তা প্রচারিত হয়েছিল।...ঐ সময় আমরা যে কতটা আনন্দিত হয়েছিলাম তা আজও প্রকাশ করতে পারব না। মনে হয়েছিল ঐ মুহূর্ত থেকেই প্রকৃত অর্থে আমি একজন বাঙালি, একজন স্বাধীন নাগরিক।’
বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকারের আত্মপ্রকাশ ও শপথ অনুষ্ঠানের কথা ছিল প্রথমে চুয়াডাঙ্গায়। কিন্তু পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলার পর আমাদের পরিকল্পনা বদলাতে হয়েছিল। আমি মেহেরপুরের আমবাগানের কথা প্রথম উল্লেখ করি। জায়গাটির তিন দিকেই ভারতের ভূখণ্ড। একটি ম্যাপ এনে জায়গাটি চিহ্নিত করা হলো। গোলক মজুমদার বললেন, এখানে ভারত সীমান্তে অ্যান্টি-এয়ারক্রাফট গান রাখা যাবে এবং সম্পূর্ণ নিরাপদ হবে জায়গাটি। এভাবেই আমরা শপথ গ্রহণের স্থানটি চিহ্নিত করি।’
১৫ এপ্রিল বৈদ্যনাথতলা সংগ্রাম কমিটিকে মুজিবনগর সরকারের শপথ নেওয়ার কথা জানানো হয়। সংগ্রাম কমিটি এ লক্ষ্যে কাজ শুরু করে। কিন্তু সভার জন্য চেয়ার-টেবিল কোথায় পাবে? খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামের এ বাড়ি-ও বাড়ি থেকে অল্প কটি চেয়ার-টেবিল জোগাড় করা হয়। ছোটখাটো একটি সভামঞ্চ করা হয় খোলা মাঠের এক কোণে, গাছতলায়। একাধিক প্রকাশনা ও দলিলপত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে এমন তথ্য দেওয়া আছে।
ওই দিনের পরিবেশ সম্পর্কে নুরুল কাদের লিখেছেন, ‘আশেপাশের বাড়ি থেকে চৌকি এবং বাঁশ আনা হলো। উন্মুক্ত মঞ্চ এটি। উপরে শামিয়ানা লাগানো সম্ভব হলো না। নিভৃত গ্রাম এলাকা। লোকবসতি শহরের তুলনায় অনেক কম। এই স্বল্প সময়ের মধ্যে যে আয়োজন তাতেও মানুষ হলো প্রচুর। দেখতে দেখতে সভাস্থলে অন্তত হাজার পাঁচেক লোক জমায়েত হলো।’
পশ্চিমবঙ্গের লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর পূর্ব-পশ্চিম উপন্যাসে ওই সময়ের বর্ণনায় লিখেছেন, ‘গাড়িগুলো শেষ পর্যন্ত এসে থামলো একটি বিশাল আমবাগানের মধ্যে।...কিছু লোক সেখানে দৌড়াদৌড়ি করে চেয়ার সাজাচ্ছে। অধিকাংশ হাতলভাঙা চেয়ার। কাছাকাছি গ্রামের বাড়িগুলো থেকে যোগাড় করে আনা।...আশেপাশের গ্রাম থেকে ধেয়ে এসেছে বিপুল জনতা। সেনাদের বৃত্ত ভেদ করে তারা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়তে পারছে না বলে অনেকেই আমগাছগুলোতে চড়তে শুরু করেছে।’
প্রবাসী, বিপ্লবী, অস্থায়ী বা মুজিবনগর সরকার—যে নামেই ডাকা হোক না কেন, যুদ্ধকালীন সরকার পরিচালনায় দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিল ওই সরকার। মুজিবনগর সরকারের অধীনেই চলেছে বাংলাদেশের সামরিক ও বেসামরিক প্রশাসন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এক ভাষণে তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘বাংলাদেশ দখলমুক্ত করার জন্য সারা দেশে যে যুদ্ধ-তৎপরতা চলছে, তা এই সরকারের নিয়ন্ত্রণে।’
ওই সরকারের মূল ভিত্তি ছিল ১৯৭০ সালের নির্বাচন। ওই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা না দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী উল্টো আক্রমণ চালায় বাংলার নিরীহ মানুষের ওপর। তা প্রতিরোধ করে স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে মুজিবনগর সরকারের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ।
একাত্তরের সেই অগ্নিঝরা দিনগুলোতে প্রতিরোধ চলেছিল সর্বত্র। ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলেন। তাজউদ্দীন আহমদ ২৭ মার্চ পর্যন্ত ঢাকা শহরে আত্মগোপন করে ছিলেন। এরপর বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলামকে সঙ্গে নিয়ে ফরিদপুর ও কুষ্টিয়া অভিমুখে যাত্রা করেন। বিভিন্ন জনপদ ঘুরে ২৯ মার্চ তাঁরা ঝিনাইদহ পৌঁছান। সেখান থেকে ঝিনাইদহের পুলিশ সুপার মাহবুবউদ্দিনকে নিয়ে চুয়াডাঙ্গা যান ৩০ মার্চ। ওই দিন বিকেলে চুয়াডাঙ্গার মহকুমা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বর্তমানে প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা) ও মাহবুবউদ্দিনকে সঙ্গে নিয়ে সীমান্তের দিকে অগ্রসর হন। সেখানে যোগাযোগ হয় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে। সীমান্ত পাড়ি দিয়ে কলকাতা হয়ে তাঁরা দিল্লি যান।
৩ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন তাজউদ্দীন আহমদ। ওই সাক্ষাতের সময় সরকার গঠনের বিষয়ে জানতে চান ইন্দিরা গান্ধী। তিনি সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন। ইন্দিরা গান্ধীর দূরদর্শিতা ও সার্বিক সহযোগিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনে সহায়তা করেছিল।
১০ এপ্রিলে ঘোষিত অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ হন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী। এ ছাড়া ক্যাপ্টেন মনসুর আলীকে অর্থমন্ত্রী, খোন্দকার মোশতাক আহমদকে পররাষ্ট্রমন্ত্রী এবং এ এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। ওই সরকার সিদ্ধান্ত নেয়, কর্নেল এম এ জি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অস্থায়ী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে।
মুক্তিযুদ্ধকে সর্বজনীন করার জন্য সর্বসম্মতিক্রমে ‘সর্বদলীয় উপদেষ্টা পরিষদ’ গঠন করা হয়। ওই পরিষদের ছয় সদস্যের মধ্যে জীবিত আছেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ (ন্যাপ মোজাফ্ফর)। প্রয়াত বাকি পাঁচজন ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিপিবির সভাপতি মণি সিংহ, বাংলাদেশ জাতীয় কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন ধর। এ ছাড়া পদাধিকারবলে ওই পরিষদে ছিলেন তাজউদ্দীন আহমদ ও খোন্দকার মোশতাক আহমদ। কার্যত তাজউদ্দীন আহমদের নেতৃত্বেই পরিচালিত হয় প্রবাসী সরকার।
মুক্তিযুদ্ধের শেষ ভাগে ডিসেম্বরের শুরুতে এসে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠন করা হয় যৌথ কমান্ড। মুজিবনগর সরকারের নেতৃত্বে নয় মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যৌথ কমান্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে দখলদার পাকিস্তানি বাহিনী।