মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান বিবেচনা করা হবে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান বিবেচনা করা হবে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনেক পুলিশ সদস্যই খেতাব পাওয়ার যোগ্যতা রাখেন।
আজ রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে প্রথম প্রতিরোধকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর যখন মুক্তিযোদ্ধাদের খেতাব দেওয়া হয় তখন অনেক পুলিশ সদস্য আবেদন করেননি। আবেদন না করায় তাঁরা খেতাব পাননি। তবে মুক্তিযুদ্ধের সময় যাঁরা যুদ্ধ করে খেতাব পাননি তাঁদের নতুন করে খেতাব দেওয়া যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনি। এ ছাড়া পুলিশ বাহিনীতে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজারবাগের মতো তেজগাঁও এলাকাতে ২৫ মার্চ রাতে সাধারণ জনতার সঙ্গে পুলিশ সদস্যরাও পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা কোনো দিন ভুলব না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ১২ জন শহীদ পুলিশ সদস্য ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মৃত্যুবরণকারী আটজন পুলিশ সদস্যের পরিবার এবং ২৩ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।