মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা পর্দার আড়ালে চলে যাচ্ছে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশের ও ভারতের বামপন্থীদের ভূমিকা ক্রমেই পর্দার অন্তরালে ঢাকা পড়ে যাচ্ছে। অথচ একাত্তরের মহান সেই যুদ্ধ ও শরণার্থীদের সহায়তায় তারা প্রথম থেকেই গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছিল। সেই ইতিহাস সামনে আনা দরকার।
‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতীয় বামপন্থীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। গতকাল সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৪৫তম বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি, ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, একাত্তরের ২৫ মার্চ বাংলাদেশে গণহত্যা শুরু হলে এর প্রতিবাদে ২৯ মার্চ কলকাতায় শহীদ মিনার ময়দানে সিপিএম এক জনসভার আয়োজন করে। সেখানে সিপিএম নেতা জ্যোতি বসু বাংলাদেশের মানুষের সংগ্রামের প্রতি দলের সর্বাত্মক সমর্থন ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ভারত সরকারকে এই সংগ্রামের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এরপর থেকে সিপিএম বাংলাদেশের মুক্তিসংগ্রামে সহায়তার জন্য সারা ভারতে জনমত গঠন, অর্থ সংগ্রহ, শরণার্থী ক্যাম্প স্থাপন, শরণার্থীদের চিকিৎসা, খাদ্য ও বস্ত্র বিতরণ প্রভৃতি কাজে যুক্ত হয়, যা যুদ্ধের পুরো সময়কাল ব্যাপৃত ছিল।
বাংলাদেশের খণ্ড খণ্ড বামপন্থীদের ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করার ব্যাপারেও সিপিএম ভূমিকা পালন করেছে উল্লেখ করে বিমান বসু বলেন, এ কাজে ওই সময়ে যেমন, তেমনি পরবর্তীকালেও দুই দেশেই বামপন্থীরা সফল হতে পারেনি।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, ত্রিপুরার আগরতলা থেকে আসা গৌতম দাস বলেন, বাংলাদেশে গণহত্যা শুরুর পরই ত্রিপুরার তৎকালীন সিপিএম নেতা নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল ত্রিপুরা সরকারের মুখ্য সচিবের সঙ্গে দেখা করে শরণার্থীদের সুবিধার জন্য রাজ্যের সমগ্র সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ করে। সরকার তা-ই করেছিল।