মুক্তিযুদ্ধে বিদেশিদের সম্মাননা আগামী মাসে চূড়ান্ত হচ্ছে তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন যেসব বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হবে, তাদের প্রাথমিক তালিকা আগামী মাসে চূড়ান্ত হচ্ছে। এ পর্যন্ত বিদেশে বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন মাধ্যম থেকে যেসব নাম পাওয়া যাচ্ছে, তা যাচাই-বাছাই শেষে এ তালিকা করা হবে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার তাঁর দপ্তরে সাংবাদিকদের জানান, নামের খসড়া তালিকা তৈরি হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসে তা চূড়ান্ত হতে পারে।একাত্তরে অবদান রেখেছেন এমন সব বিদেশির সম্মাননাবিষয়ক জাতীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। দীপু মনি ওই কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।সরকার স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপনের সময় বিদেশিদের সম্মাননা দেওয়া শুরু করবে। স্বাধীনতার ৪০ বছর পূর্তির পর থেকে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের দিন একাত্তরে অবদানের জন্য তাঁদের সম্মাননা জানানো হবে। এ ছাড়া যেসব বিদেশি ব্যক্তিত্ব বাংলাদেশে আসতে পারবেন না, তাঁদের দূতাবাসের মাধ্যমে সংবর্ধনা জানানো হবে।এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানের অনেক বিবেকবান মানুষও অবদান রেখেছে। উল্লেখ করা যেতে পারে, বিদেশিদের সম্মাননার জন্য যে তালিকা হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানির নাম প্রস্তাব করা হয়েছে।কমিটির অন্যতম সদস্য শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, কমিটির বৈঠকে এ পর্যন্ত যেসব নাম জমা পড়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ পর্যন্ত বিদেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রায় ১০০ ব্যক্তির নাম জমা পড়েছে। কিন্তু ওই তালিকায় সব নাম আসেনি। আজকের (রোববার) বৈঠকেও বেশ কিছু নাম প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন মাধ্যম থেকেও নামের ব্যাপারে প্রস্তাব এসেছে।শাহরিয়ার কবির জানান, এখন থেকে যেসব নাম প্রস্তাব করা হবে, সে ক্ষেত্রে ওই নামের ব্যাপারে সংক্ষিপ্ত একটি পরিচিতি দেওয়ার বিষয়টি উল্লেখ থাকতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।