মুক্তিযুদ্ধে ব্যবহূত দুটি কামান হস্তান্তর
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে ব্যবহূত দুটি হাউইটজার কামান গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। কামান দুটি হস্তান্তর করেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং, পিন্ডিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি এবং এটি গ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, এনডিসি, পিএসসি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ, এনডিইউ, পিএসসি; আর্টিলারি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, এনিডিসি, পিএসসি; বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম, এডব্লিউসি, পিএসসি এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আর্টিলারি রেজিমেন্টের বীর মুক্তিযোদ্ধারা।মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ১৯৭১ সালের ২২ জুলাই ভারতের কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারি’। ভারতীয় সেনাবাহিনীর ছয়টি ৩ দশমিক ৭ ইঞ্চি হাউইটজার নিয়ে গঠিত এই ইউনিটটি ২ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। আইএসপিআর।ভারতীয় সেনাপ্রধানের ঢাকা ত্যাগ: বাসস জানায়, সফররত ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিজয় কুমার সিং, গতকাল ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানযোগে স্বদেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিএএফ বেজ কুর্মিটোলা টারমাকে তাঁকে বিদায় জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।জেনারেল বিজয় কুমার সিং ১৯ জুন পাঁচ দিনের সরকারি সফরে সস্ত্রীক বাংলাদেশে আসেন। তিনি ২২ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৩৫তম বিএমএ স্পেশাল কোর্সের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন।