মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে দেলোয়ারের প্রশ্ন
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তবে তিনি ভারতের নাম উল্লেখ করেননি। পরোক্ষভাবে তিনি বলেন, ‘একটি আঞ্চলিক পরাশক্তি আমাদের সাহায্য করেছিল। আমাকে সাহায্য করেছেন, কিন্তু নজরটা তো আমার পরিবারের অন্য সদস্যের দিকে ছিল। কী উদ্দেশ্যে ওনারা আমাদের সে সময় সাহায্য করেছেন?’গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদপত্রের স্বাধীনতা: সাংবাদিকের নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। নাগরিক ফোরাম নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তাদের একটি বড় অংশই ভারত ও বর্তমান সরকারের ঢালাও সমালোচনা করে। তাঁরা আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব ভারতের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একাত্তর সালের ১৬ ডিসেম্বর থেকে ২০১০ সাল পর্যন্ত তাদের যে আচরণ দেখেছি, তা সুখকর নয়। এখানে যদি তাদের জন্য রেললাইন বসে, তাদের জাহাজ যদি এখানে অবাধে চলে, তাদের কাছ থেকে যদি বিদ্যুৎ ভাড়া করে আনতে হয়, তাহলে এর প্রতিক্রিয়া কী হতে পারে? এখন তারা যে অক্টোপাসের মতো আমাদের ঘিরে ধরছে, তা থেকে বের হব কেমনে। দেশের সমূহ বিপদ হয়ে যাবে। দেশের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে।’সভায় আরও বক্তৃতা করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, হামিদুল্লাহ্ খান।