মুক্তিযুদ্ধে শহীদদের নামে বৃক্ষ উদ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শহীদদের নামে বৃক্ষ উদ্যান করেছে। এ সময় গাছের চারা রোপণ করা হয় l প্রথম আলো
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শহীদদের নামে বৃক্ষ উদ্যান করেছে। এ সময় গাছের চারা রোপণ করা হয় l প্রথম আলো

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গায় শহীদদের নামে বৃক্ষ উদ্যান করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার খেলার মাঠের দক্ষিণ-পূর্ব পাশে ফুল ও ফলের গাছ এবং উদ্যানের সাইনবোর্ড লাগানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ওই জায়গায় আগে থেকে কিনে রাখা বিভিন্ন জাতের ফল ও ফুলের চারা হাতে করে নিয়ে আসে। আগে থেকেই কিছু শিক্ষার্থী সুতা ও লাল ফিতা দিয়ে স্থানটি ঘিরে রেখেছিল। গাছ রোপণের জন্য শ্রমিক দিয়ে তৈরি করে রাখা হয়েছিল অর্ধশতাধিক গর্ত। শিক্ষার্থীরা গর্তগুলোতে চারা রোপণ করে। পরে স্থানটিতে ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ খোকা, মুকিত, শহিদ, রানু বৃক্ষ উদ্যান’ লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেয়।
প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় নির্মাণের ব্যাপারে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসবে। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বৃক্ষ উদ্যান করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জহিরুল ইসলাম প্রধান শিক্ষককে একটি চিঠি দেন। এতে শিক্ষা অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় নির্মাণের জন্য বিদ্যালয়টির পুরোনো ছাত্র হোস্টেলের পূর্ব পাশের ২০ শতক জমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে অনুরোধ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের জমি অন্য কোনো প্রতিষ্ঠানকে না দিতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র এবং অভিভাবকেরা ২৪ আগস্ট শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন করেন। একই দিন তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। ৯ সেপ্টেম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্যেই তা স্থাপন করেন। ২৮ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ভিত্তিপ্রস্তরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিদ্যালয়ের ভূমি রক্ষায় গতকাল তারা সেই স্থানে বৃক্ষ উদ্যান তৈরি করে।