মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধের স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় দেশের যেসব স্থানে সম্মুখযুদ্ধ হয়েছিল সেসব স্থান চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।সভায় কমিটি উল্লেখযোগ্য সম্মুখসমরের স্থানগুলো চিহ্নিত করতে মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের মতামত নেওয়ার সুপারিশ করে। এ জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠনেরও প্রস্তাব করা হয়। এ ছাড়া জেলা ও উপজেলা-পর্যায়ে উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সহজে চেনার সুবিধার্থে উল্লেখযোগ্য সম্মুখসমরের স্থানগুলোতে একই প্রকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবদিন, শামসুর রহমান শরীফ, এ কে এম এ আউয়াল ও ওয়ারেসাত হোসেন অংশ নেন।সূত্র জানায়, সভায় ১০টি জেলার ১৪টি স্থানে মুক্তিযুদ্ধকালীন সমরের স্থানগুলো সংরক্ষণের জন্য ‘স্মৃতিস্তম্ভ নির্মাণ’ প্রকল্প এবং মুক্তিযোদ্ধাদের আবেদন যাচাই-বাছাই নিয়ে আলোচনা হয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। মুক্তিযুদ্ধের স্বীকৃত সেক্টর কমান্ডার ও সাব-সেক্টর কমান্ডারের প্রতি সম্মান দেখাতে তাঁদের স্বাক্ষরিত সনদপত্র কোনো মুক্তিযোদ্ধা উপস্থাপন করলে তাঁদের আবেদন সরাসরি তালিকাভুক্ত করারও পরামর্শ দেওয়া হয় সভায়। কোনো ভুয়া মুক্তিযোদ্ধা যাতে মুক্তিযোদ্ধা সনদ না পায় সে বিষয়ে সতর্কতা অবলম্বনের বিষয়ে সভায় জোর দেওয়া হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাব্যবস্থাপক এ কে মোহাম্মদ আলী শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।