মুক্তিযুদ্ধের সম্মুখসমরে রাজনীতিবিদদের কোনো ভূমিকা ছিল না। যুদ্ধ হয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে। তবে বঙ্গবন্ধু এ দেশের মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন, তৈরি করেছিলেন।সচেতন সাংবাদিক সমাজ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক একক বক্তৃতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শুক্রবার বিকেলে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়।অলি আহমদ বলেন, একাত্তর সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর হামলার পরই তিনি বিদ্রোহ করেন। ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। এম আর সিদ্দিকী, মীর শওকত আলীসহ অন্য সেনা কর্মকর্তারা যাঁর যাঁর অবস্থান থেকে যুদ্ধ শুরু করেন। ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত যুদ্ধ হয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়। তবে সম্মুখযুদ্ধে সেই সরকারের কোনো ভূমিকা ছিল না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। অনেক কিছু হয়েছে। কিন্তু তখন শোনা যেত পাকিস্তানের ২২ পরিবারের হাতে সবকিছু। বাংলাদেশ হওয়ার পর এখন কয় পরিবারের মধ্যে তা বন্দী হয়েছে, এই প্রশ্ন করেন তিনি। ২৬ মার্চ কেন স্বাধীনতা দিবস হলো, এ প্রসঙ্গে অলি আহমদ বলেন, ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। ২৫ মার্চ রাতে সেনাবাহিনী বিদ্রোহ করেছে। মাঝের দিনটি শুধু বাদ রয়ে গিয়েছিল। এ অবস্থায় সেনাবাহিনীর বিদ্রোহী বাঙালি সেনাদের চাকরির ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন পড়েছিল। ফলে সেনাবাহিনীর চাওয়ার কারণে ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। অন্য কোনো কারণে নয়।এলডিপি-প্রধান বলেন, মুক্তিযুদ্ধের পর রাজনীতিতে ভালো পরিবর্তন আসেনি। এক ঘরে দুই পীরের কারণে রাজনীতি নষ্ট হচ্ছে। রাজনৈতিক নেতারা মারা যাওয়ার আগেই তাঁদের পরিবারের কাউকে ওই পদে প্রতিষ্ঠিত করে যেতে চান।এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম ও সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।