মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি নাগরিকদের স্বাধীনতা পদক দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহির্বিশ্বের যেসব নেতা বা শিল্পী-বুদ্ধিজীবীসহ বিশিষ্ট নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন ও সহায়তা দিয়েছেন, তাঁদের স্বাধীনতা পদক দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রস্তাবটি তুলবে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে জানান, মন্ত্রিসভা অনুমোদন করলে চলতি বছর থেকেই এই পদক দেওয়া যেতে পারে। মন্ত্রিসভার বৈঠকে যাঁদের নাম প্রস্তাব করার জন্য প্রস্তুত করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম, জয়প্রকাশ নারায়ণ, সেতারবাদক পণ্ডিত রবিশংকর, ফিল্ড মার্শাল মানেকশ, মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান লে. জেনারেল জগজিত্ সিং অরোরা, ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং, সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভ, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, শিল্পী জর্জ হ্যারিসন, ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড, প্রিন্স সদরুদ্দীন আগা খান প্রমুখ। তাঁদের মধ্যে কয়েকজন প্রয়াত হওয়ায় পাবেন মরণোত্তর সম্মাননা।