মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে

মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে নারীপক্ষ আয়োজন করে বিশেষ স্মরণানুষ্ঠান ‘আলোর স্মরণে কাটুক আঁধার’। গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মুক্তিযুদ্ধ, বাক্স্বাধীনতা ও বাংলাদেশ’।
বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে নারীপক্ষ নিয়মিতভাবে ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ অনুষ্ঠানটি উদ্যাপন করে আসছে। ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ডিসেম্বর মাসে বিভিন্ন প্রতিপাদ্য নির্ধারণ করে এ অনুষ্ঠান উদ্যাপন করা হচ্ছে।
‘মুক্তিযুদ্ধ, বাক্স্বাধীনতা ও বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে উপস্থিত সবাই একটি করে আলোর শিখা জ্বালিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন মনীষা মজুমদার। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন আলী আহমেদ জিয়াউদ্দিন, শারমীন মোরশেদ ও আশরাফুল আলম। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা ‘কোন এক মাকে’ আবৃত্তি করেন সাজেদা সুমী। নারীপক্ষের সদস্য কামরুন নাহারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।