মুক্তিযুদ্ধের অনুসারীদের নিয়োগের দাবিতে সংস্থাপন শাখায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের আদর্শের অনুসারী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবিতে গত রোববার বেলা ১১টায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে জামায়াতপন্থী শিক্ষকদের নিয়োগ বাতিলের দাবিতে গতকাল সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৯ সালে হাজী দানেশ কৃষি কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তখন মাত্র ৫০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর শিক্ষকসহ চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। গত সাড়ে চার বছরে ৬৫ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগ পাওয়া অর্ধেকের বেশি জামায়াত বা বিএনপির সমর্থক।
আন্দোলনকারীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রভাব বা ক্ষমতার ভারসাম্য রক্ষায় অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের আদর্শের অনুসারী প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. শাহাদাৎ হোসেন খান প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীরা একজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।