মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বললেন তাঁরা, শুনলেন শিক্ষার্থীরা

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ‘মুক্তিযুদ্ধের নয় মাসের পর আর কাঁদিনি। এত নৃশংস ঘটনার শিকার হয়েছি, চোখে দেখেছি যে নয় মাসে চোখের জল শুকিয়ে গেছে। ব্যথার কোনো ভাষা নেই। তাই আমার কথাও হারিয়ে গেছে।’
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতার ওপর। শহীদ এই অধ্যাপকের মেয়ে অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘সেই সময়ের কথা বলতে গেলে মা একটা পর্যায়ে কথা বলতে বলতে থেমে যেতেন, আর বলতে পারতেন না। তবে যখন তিনি লিখতেন, তখন অনেকের সঙ্গে কথা বলে লিখতেন।’
মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা লেখক, সাহিত্যিক শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায়। তাঁর মেয়ে অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘ছোটবেলায় মনে হয়েছে, সবার বাবা আছে, আমার কেন বাবা নেই? তারপর আস্তে আস্তে দেখি আমার বাবাকে সবাই চেনে। আমার মতো অনেকেই বাবা হারিয়েছে। তারপর ভেবেছি সমাজ একজন উজ্জ্বল সন্তান হারিয়েছে। অভিভাবক হারিয়েছে।’
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগ আয়োজিত ‘দ্য রাইজ, ডিক্লাইন অ্যান্ড রিডিসকভারি অব দ্য ভিকটিমস অব ১৯৭১’ শীর্ষক আলোচনায় ১৯৭১ সালে সংঘটিত অপরাধের ‘ভিকটিম’ ও ‘ভিকটিম পরিবার’ হিসেবে এই তিনজন তাঁদের কষ্টের কথাগুলো বলেন। শ্রোতা ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে তিনজন আলোচক বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানে শমী কায়সার বলেন, ‘হুমায়ূন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে একটি টিয়া পাখিকে দিয়ে ‘‘তুই রাজাকার’’ শব্দটি বলাতে পেরেছিলেন। অথচ এটি কোনো চরিত্রের মুখ দিয়ে বলানোর কথা ছিল। আমি রাজাকারের এক মেয়ের চরিত্রে অভিনয় করি। তবে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না বলে নিষেধাজ্ঞা আসে।’
মেঘনা গুহঠাকুরতা জানান, জাপানে যুদ্ধের সময় যৌনদাসী হিসেবে ব্যবহৃত হওয়া নারীদের কথা জানার জন্য ফিলিপাইনের এক সংগঠনের নারীরা ভিন্ন পন্থা নেন। নারীদের গাছ আঁকতে বলা হয়। একজন গাছের একটি ডালে নীল রং দেন। তখন কারণ জানতে চাইলে ওই নারী ৫০ বছর আগের অভিজ্ঞতার কথা প্রথম বলা শুরু করেন। অর্থাৎ তখন ওই নারী নিজেকে নিরাপদ ভাবতে পেরেছিলেন বলেই কথাগুলো বলতে পারেন।
অনুষ্ঠানে অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘এখন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। অন্যদিকে ব্লগারদের নাস্তিক হিসেবে অভিহিত করে, আধুনিক ও অসাম্প্রদায়িক ব্যক্তিদের বেছে বেছে মারা হচ্ছে। এটি হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে।’
অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী তিউনী বিনতে জিন্নাত বলেন,‘বিদেশে লেখাপড়া করতে গিয়ে দেখেছি, বিভিন্ন দেশের জেনোসাইড নিয়ে পড়ানো হচ্ছে। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা আসত না দেখে কান্না পেত। মুক্তিযুদ্ধের ওপর তেমনভাবে গবেষণা বা অন্য কিছু পাওয়া যায় না বলেই পড়ানো হতো না বলা হতো।’