রুখে দাঁড়াও বাংলাদেশের সদস্যসচিব ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে সব রাজনীতিক রাজনীতি করবেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা তাই বিশ্বাস করি। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ দেশ গড়াই তাঁদের রাজনৈতিক আদর্শ হবে। দেশের প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করবে। অর্থনৈতিক, সামাজিক, রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রে বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’
গত শুক্রবার রাতে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত বিজয়মেলা মঞ্চে এক আলোচনা সভায় সুলতানা কামাল এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারওয়ার আলী।
সুলতানা কামাল বলেন, ‘যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীরা পাকিস্তানের অনুগত। মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হলো।’
অধ্যাপক এম এম আকাশ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং শাস্তি অমীমাংসিত রেখে এ দেশে কোনো উন্নয়ন সম্ভব নয়। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। ছিলেন সেক্টর কমান্ডার। একাত্তরের ২৭ মার্চ রেডিওতে তাঁর ঘোষণায় মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করেছিলেন। কিন্তু আজকে তাঁর দল বিএনপি সেই যুদ্ধাপরাধী জামায়াতকে ছাড়তে পারছে না।