মুক্তিযুদ্ধের আদর্শচ্যুত পোষ্যরা কোটা সুবিধা পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শচ্যুত পোষ্যরা কোটা সুবিধা পাবে না। তাদের অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। মুখে জয়বাংলা স্লোগান তুলতে হবে।’
গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ঐতিহাসিক মুজিবননগর দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আলমডাঙ্গা উপজেলা কমান্ড ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে স্বাগত বক্তৃতা করেন সংসদের উপজেলা কমান্ডার মো. শফিউর রহমান সুলতান। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীরসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক ও মুক্তিযোদ্ধাদের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাকিস্তান ও জামায়াতের অঘোষিত আমির উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে তিনি (খালেদা) পাকিস্তান বানাতে চান। তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে বাড়ি ফিরবেন না। কিন্তু, তিনি বাড়ি ফিরেছেন। তাঁর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।’
সমাবেশের আগে মন্ত্রী আলমডাঙ্গা শহরে ২ কোটি ৫ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করেন। উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী জানান, চলতি অর্থ বছরের জুনের মধ্যেই কমপ্লেক্সটি হস্তান্তর করা হবে।