মুক্তিযুদ্ধের আদর্শে চিড় ধরাতে এই হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’-এর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, তা বাংলাদেশের প্রকৃত রূপ নয়। যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারীদের হূদয়ে চিড় ধরাতে সুপরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে।
দিনাজপুর সার্কিট হাউস মিলনায়তনে গতকাল শুক্রবার রাতে এক মতবিনিময় সভায় আনিসুজ্জামান এসব কথা বলেন।
সভায় মুক্তিযোদ্ধা ও চিকিৎসক মো. সারোয়ার আলী বলেন, রুখে দাঁড়াও বাংলাদেশের ব্যানারে তাঁরা সারা দেশে যেসব জেলায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে, সরেজমিনে এসব স্থান পরিদর্শন করছেন। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও রুখে দাঁড়াও বাংলাদেশের সমন্বয়কারী সুলতানা কামাল বলেন, দিনাজপুরের কর্ণাই গ্রামে হিন্দুদের ওপর হামলাকারীরা প্রকৃত অর্থে মানবতাবিরোধী অপরাধ করেছে। যাঁরা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন, হামলাকারীদের বিরুদ্ধে তাঁদের রুখে দাঁড়াতে হবে।
সুলতানা কামাল বলেন, কর্ণাই গ্রামে হামলার শিকার পরিবারগুলোর কিশোরী-তরুণী নারী সদস্যরা নিরাপত্তার অভাবে বাড়িতে থাকেন না। দূরে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এটাও একধরনের উদ্বাস্তু হওয়া।
সাংবাদিক আবেদ খান বলেন, সমাজে মুক্তবুদ্ধিচর্চার মানুষগুলো সংখ্যালঘুদের চেয়েও সংখ্যালঘু। মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ সাম্প্রদায়িক চেতনার অপশক্তিকে সাহস জুগিয়ে চলেছে।
দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, ৫ জানুয়ারি ঘটনার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ণাই এলাকায় নির্যাতনের শিকার মানুষগুলোকে রক্ষা করতে জেলা ও পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সিপিবির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম, জাসদ নেতা মো. শহীদুল ইসলাম, সাংবাদিক গোলাম নবী দুলাল কর্ণাই গ্রামের নির্যাতনের ঘটনার চিত্র তুলে ধরেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য তারেক আলী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কাবেরী গায়েনসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় হামলার শিকার সংখ্যালঘুদের দুর্দশা সরেজমিনে দেখতে প্রতিনিধিদলের সঙ্গে আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতবিনিময় সভাশেষে আনিসুজ্জামান বলেন, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ সারা দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকায় ফিরে তাঁরা সংবাদ সমেঞ্চলন করবেন।