মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে বিজয়ের গল্প শুনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক মুক্তিযোদ্ধা হারিয়ে যাচ্ছেন। তোমরা নতুন প্রজন্ম। তাই তোমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। বিজয়ের গল্প শুনতে হবে। যখনই কোনো মুক্তিযোদ্ধার দেখা পাবে, তাঁর কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনবে। বিজয়ের গল্প শুনবে।
গতকাল শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের যৌথ আয়োজনে ‘বিজয়ের গল্প শোন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়।
জাফর ইকবাল বলেন, ‘যে দেশের মেয়েরা ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা করে, সে দেশ থেমে থাকতে পারে না। তোমরা বড় হলেই বাংলাদেশ দাঁড়িয়ে যাবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসকের স্ত্রী রুবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের বগুড়ার সংগঠক শ্যামল ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা আরশাদ সায়ীদ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী এ টি এম রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় শীতের পিঠা উৎসবের। নানা স্টলে হরেক রকমের পিঠা সাজিয়ে বসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অতিথিরা সেগুলো ঘুরে দেখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।