মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে 'মৌচাকের গীতিকাব্য'
গত পৌরসভা নির্বাচনে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ভোটারদের সচেতনতায় গীতিকাব্য পরিবেশন করে দৃষ্টি কেড়েছিল সিলেটের স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন ‘মৌচাক’। এবার খুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর কর্মসূচি হাতে নিয়েছে তারা।
গতকাল বুধবার দুপুরের বিরতিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রাথমিক বিদ্যালয়—শাহজালাল ইউনিভার্সিটি স্কুলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত মৌচাকের গীতিকাব্য পরিবেশনার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করে। দুপুরের বিরতির অবসরে শতাধিক খুদে শিক্ষার্থী ও শিক্ষক উপভোগ করেন মৌচাকের এ অনুষ্ঠান।
সংগঠন সূত্র জানায়, সিলেটের কুমারগাঁও এলাকার ৫০ জন শিক্ষার্থী-তরুণের সামাজিক সংগঠন মৌচাক। প্রতিষ্ঠার প্রায় দুই বছর ধরে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে গীতিকাব্য রচনা করে জনারণ্যে এগুলোর প্রচার করা হয়। সড়ক দুর্ঘটনা, বাল্যবিবাহ, যৌতুকবিরোধী সচেতনতামূলক প্রচারণা শেষে গত বছরের ৮ জুলাই শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের পর শিশু হত্যা ও নির্যাতনবিরোধী গীতিকাব্য পরিবেশনা করে।