মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে: তৌফিক-ই-ইলাহী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস দেশ ও প্রবাসের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। কত ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তা তাদের জানাতে হবে। কারণ তারাই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ৪৫তম বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব কথা বলেন। ম্যানহাটনে বাংলাদেশ মিশন কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করতে সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার মতো অনেকে চাকরির মায়া ত্যাগ করে যুদ্ধ যোগ দিয়েছিল দেশকে স্বাধীন করতে। আমরা সফল হয়েছি। পৃথিবীর বুকে লাল–সবুজের পতাকা উপহার দিয়েছি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, মাসুদুর রহমান, কবি বেলাল বেগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের আহ্বায়ক আবদুল মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, খুরশীদ আনোয়ার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন ব্রিগেডিয়ার জেনারেল আকতারুজ্জামান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন ফায়েজ মোর্শেদ কাজী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাণী পাঠ করেন রকিবুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করেন সঞ্চিতা হক।
সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে দুপুরের পর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। সংগঠনের আহ্বায়ক আবদুল মুকিত চৌধুরী সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন।

অস্থায়ী স্মৃতিসৌধে সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফাস্ট সেক্রেটারি নূরে ইলাহি মিনা, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফাস্ট সেক্রেটারি শামীম হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের নেতারা, বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে শৌখিন নাট্যগোষ্ঠী বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন স্তরের লোকজন যোগ দেন।