মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করতে জিয়া শিশু পার্ক করেন: মোজাম্মেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ ক ম মোজাম্মেল হক
আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করতে জিয়াউর রহমান শিশুপার্ক করেছিলেন। আগামী দেড় বছরের মধ্যেই এটি সরিয়ে নেওয়া হবে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব মো. মাহমুদ রেজা খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের ওপর আদালতের যে স্থগিতাদেশ ছিল তা তুলে নেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকার যাচাই-বাছাই করে কাজও শেষ করা হবে।
এক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানসহ ঐতিহাসিক স্থান সংরক্ষণে শহীদ জিয়া শিশু পার্ক সরানো হচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থিত শিশু পার্কসহ অন্যান্য অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে সেখানে মুক্তিযুদ্ধের নানা স্থাপনা তৈরি করা হবে।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করতে জিয়াউর রহমান শিশুপার্ক করেছিলেন। শিশু পার্ক সরিয়ে এখানেই কিছুটা পেছনে করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানকে মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে, আন্তর্জাতিক মানের স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। ওইটুকু ঘুরলেই মুক্তিযুদ্ধের পেছনের ২৩ বছরের ঘটনা দেখা যাবে। এ জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে কেপিআই ঘোষণা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ঘৃণা জানাতে ঘৃণা স্তম্ভ নির্মাণের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই ঘৃণা স্তম্ভ করব। আমরা তৃতীয় পর্যায়ের প্রকল্প শুরু করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন। এটা সোহরাওয়ার্দী উদ্যানে হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী ১৭ এপ্রিল সোমবার মুজিবনগর দিবস পালন করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হবে।