মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ের ত্রুটি দূর করতে কমিশন গঠনের দাবি
পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক ভুলত্রুটি দূর করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী নামের নাগরিক সংগঠন। গতকাল শুক্রবার ‘বাংলাদেশ ইতিহাস চর্চায় নতুন মাত্রা: মুক্তিযুদ্ধের পাঠ্যক্রম’ শীর্ষক সেমিনারে সংগঠনটি এই দাবি জানায়। রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তারা এই সেমিনারের আয়োজন করে।
আলোচনায় অংশ নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ইতিহাস হওয়া উচিত অসাম্প্রদায়িক। কিন্তু এ দেশে অনেক মুক্তিযুদ্ধবিষয়ক বইপুস্তক সাম্প্রদায়িক মনোভাব নিয়ে লেখা হয়। এসব বই শিক্ষার্থীদের পড়তে না দিয়ে এগুলোর ভুলত্রুটি দূর করার জন্য একটি কমিশন করা উচিত।
সেমিনারের শুরুতে সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজক সংগঠনের সহসভাপতি অধ্যাপক তাইবুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক তানভীর আহমেদ ও আফসানা আহমেদ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক আইরিন আহমেদ। তাঁরা ঔপনিবেশিক আমলের ও স্বাধীনতা-পরবর্তী সময়ের ইতিহাসচর্চার ধরন নিয়ে আলোচনা করেন।
আলোচকেরা গণমুখী ইতিহাসচর্চার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক অনেক বই আছে, যেখানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ফুটে ওঠেনি।