মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত এবং মৌলবাদীদের শক্ত হাতে নির্মূল করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা।গতকাল শুক্রবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সভায় বক্তারা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিই কেবল স্বাধীনতার ঘোষণা দিতে পারেন। শেখ মুজিবুর রহমানই সেই ব্যক্তি, যাঁর ডাকে ৩০ লাখ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে। ১৯৭২ সালে তিনিই বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র—এই চার মূলনীতিতে রচিত পৃথিবীর একটি সেরা সংবিধান জাতির হাতে তুলে দিয়েছিলেন। এগুলো অস্বীকার করার অর্থ মুক্তিযুদ্ধ এবং এ যুদ্ধে আত্মদানকারী শহীদদের অস্বীকার করা। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অনুপম সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শাহরিয়ার কবির। সভায় বক্তৃতা করেন মহিলা আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি নূরজাহান বেগম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুদ্দীন চৌধুরী, মাহফুজুর রহমান প্রমুখ।