বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মুক্তিসংগ্রামের মহাকাব্যের মহানায়ক। বাংলাদেশের অভ্যুদয়ের নায়ক হিসেবে তাঁর কোনো বিকল্প নাম আসতে পারে না। অথচ একটা সময়ে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃতির অপপ্রয়াস চলেছে। তবে এটি কখনো সফল হবে না। তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে মুক্তিযুদ্ধের গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক রচিত স্বাধীনতার বিপ্লবী অধ্যায়, বঙ্গবন্ধু ও অন্যান্য ৪৭-৭১ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গবেষক শামসুল হোসাইনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। শামসুল হকের বইয়ের ওপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, গোলাম মুস্তাফা ও কবি-সাংবাদিক আবুল মোমেন।
অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো বই আকারে উপস্থাপন করেছেন গবেষক শামসুল হক। এই বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, শামসুল হক নিষ্ঠার সঙ্গে অনেক বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের কাজ করে যাচ্ছেন। নতুন এই বইটি বাংলাদেশের অভ্যুদয়ের পূর্ণাঙ্গ প্রামাণিক গ্রন্থের মর্যাদা পেতে পারে।