মুক্তিযুদ্ধের ইতিহাস স্পর্শ করেছে লক্ষাধিক শিক্ষার্থী

বেলা ১১টার দিকে স্কুল ইউনিফর্ম পরা একদল ছেলেমেয়ে লাইন দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঢুকছে। তাদের মূল উদ্দেশ্য, পাঠ্যপুস্তকে বা অন্যান্য জায়গায় মুক্তিযুদ্ধ নিয়ে যা পড়েছে সেই বিষয়গুলো ঝালাই করে নেওয়া। মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনুভব করা। সবকিছু স্পর্শ করে দেখা।
গতকাল মঙ্গলবার নগরের বসুন্ধরায় অবস্থিত হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ এবং অষ্টম শ্রেণির প্রায় দেড় শ শিক্ষার্থী হাজির হয় সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে।
ইংরেজি মাধ্যম স্কুলটির ‘বাংলাদেশ স্টাডিজ’ বিষয়ের প্রধান জাফরীন আহসান প্রথম আলোকে বলেন, ‘বাচ্চারা জাদুঘর ঘুরে দেখেছে। তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনজন ১২টি প্রশ্নেরই উত্তর দিয়ে বই এবং অন্যান্য পুরস্কার পেয়েছে। অন্যরাও খুব ভালো করেছে।
প্রশ্নগুলো এত কঠিন ছিল যে আমি নিজেই একটি প্রশ্নের উত্তর মনে করতে পারছিলাম না। কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ করলাম, বাচ্চারা এসব জানে। এখানে এসে সবকিছু নিজের চোখে দেখে তারা খুব আপ্লুত হয়ে পড়ে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী প্রথম আলোেক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য ১৯৯৭ সাল থেকে আউটরিচ কর্মসূচি হাতে নেয়। গত বছরের ডিসেম্বর পর্যন্ত নগরের ৬৩৫টি স্কুলের এক লাখ ৪৫ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, জাদুঘরের পক্ষ থেকেই বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সময় নির্ধারণ করা হয়। তারপর জাদুঘরের পক্ষ থেকে ভাড়া করা বাস দিয়ে শিক্ষার্থীদের জাদুঘর দেখতে আনা হয়। তাদের ২৮ মিনিটের একটি ডকুমেন্টারি দেখানো হয়। বিভিন্ন পোস্টার দেখানো হয়। তারপর তাদের জন্য কুইজের আয়োজন করা হয়।