মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রতিযোগিতা শুরু
চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে অনুপম সেন বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা হচ্ছে মুক্তিসংগ্রাম। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নতুন প্রজন্মকে সেই মুক্তিসংগ্রামের প্রকৃত ইতিহাস জানাতে চায়। জাতীয়তাবোধ বিকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তথা ভারতবর্ষ ইংরেজ শাসন থেকে মুক্ত হয়েছে। সে স্বাধীনতার ২৩ বছর পরে আবার এ দেশের সাধারণ মানুষ পাকিস্তানের শোষণ থেকে সত্যিকারের স্বাধীনতা পেতে সংগ্রাম করেছে। সে সংগ্রামের ফসল হিসেবে বাংলাদেশ এখন পাকিস্তান তো বটেই, ভারতের থেকেও উন্নতিতে এগিয়ে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের সভাপতি মাহফুজুর রহমান ও মহাসচিব ফাহিমউদ্দিন আহমেদ।
প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আন্তবিদ্যালয় বিতর্ক, আন্তবিদ্যালয় কুইজ, ফটোগ্রাফি, পোস্টার, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নতুন ভাবনা সৃষ্টি (আইডিয়া জেনারেশন) মোট ছয়টি ইভেন্ট রয়েছে। গতকাল আন্তবিদ্যালয় বিতর্কে চট্টগ্রামের ১৬টি বিদ্যালয় ও কুইজে ১৮টি বিদ্যালয় অংশ নিয়েছে। এ দুটি বাদে বাকি ইভেন্টগুলোর প্রতিযোগিতা মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয়েছে। আজ শুক্রবার সমাপনী দিনে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে।