শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের ওপর একটি ডেটা সেন্টার তৈরি করা হবে। একসময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে হবে।’ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। দেশি-বিদেশি নাগরিকেরা বিশ্ববিদ্যালয়ে এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রকৃত ধারণা পাবেন—এই লক্ষ্য থেকে মুক্তিযুদ্ধের ডেটা সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’ এ সময় তিনি ঢাকায় নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘একটা সময় দেশে এমন অবস্থা ছিল যে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, কিন্তু বঙ্গবন্ধুর নাম বলা যাবে না। নাটকে রাজাকার শব্দ উচ্চারণ করা যাবে না, “পাকিস্তানি হানাদার বাহিনী” বলা যাবে না, বলতে হবে “হানাদার বাহিনী”। এভাবে সুপরিকল্পিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াত এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ (ইসলামী ছাত্রশিবির) সরাসরি সম্পৃক্ত। যুদ্ধাপরাধের কথা বলব, অথচ জামায়াতে ইসলামীর কথা আসবে না, এটা হতে পারে না।’ বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ ইলিয়াসউদ্দিন বিশ্বাস, ইয়াসমিন হক, সুশান্ত কুমার দাশ প্রমুখ।