মুক্তিযুদ্ধের কথা বলতে চান না সুবল
‘ভাই, মুক্তিযুদ্ধের কথা আর বলতে চাই না। এসব বলতে বলতে বিতৃষ্ণা এসে গেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। থাকলে চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে যান।’
বান্দরবানের মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মুহুরির (৭১) কথা এগুলো। গতকাল শনিবার জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বাঘমারায় মুক্তিযুদ্ধের তথ্য জানার জন্য কয়েকজন সাংবাদিক তাঁর কাছে গেলে তিনি এ কথা বলেন। পরে অনেক অনুরোধের পর কথা বলতে রাজি হন সুবল মুহুরি।
বাত ও যকৃতের রোগে আক্রান্ত সুবল মুহুরি বাঘমারা বাজারে ছোট্ট একটি পানের দোকান চালান। যা আয় হয়, তা দিয়ে কোনো রকমে সংসার চললেও চিকিৎসার খরচ জোগাতে পারেন না তিনি। এ কারণে রোগযন্ত্রণায় ধুঁকতে হচ্ছে তাঁকে।
সুবল মুহুরির দুই ছেলে ও তিন মেয়ে বেকার। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে আমি কখনো কারও মুখাপেক্ষী হতে চাইনি। সন্তানদের চাকরির জন্য বাধ্য হয়ে বহু নেতা-নেত্রীর কাছে ধরনা দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
কাঠমিস্ত্রির কাজ ছেড়ে ১৯৭১ সালে ১২ এপ্রিল ভারতে গিয়েছিলেন সুবল মুহুরি। সেখানে তিন মাসের গেরিলা প্রশিক্ষণ নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া এবং বান্দরবানে যুদ্ধ করেছিলেন তিনি। যুদ্ধ শেষে সুবল মুহুরি বাঘমারা বাজার এলাকায় বসবাস শুরু করেন। সেখানে বাঁশের বেড়ার ঘরে থাকেন তিনি। তাঁর ইচ্ছা একটি বাড়ি করা। তা ছাড়া ছোট ছেলে সরকারি চাকরি পাবেন—এ আশায়ও বুক বেঁধে আছেন সুবল মুহুরি।