মুক্তিযুদ্ধের কথা শোনালেন স্মৃতিকাতর বিদেশি বন্ধুরা
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মাননা নিতে এসে স্মৃতিকাতরতায় আক্রান্ত হলেন বিদেশি সুহূদ বন্ধুরা। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বন্ধুরা মুক্তিযুদ্ধের কথা এবং মুক্তিযুদ্ধে নিজেদের অভিজ্ঞতার কথা শোনান। কথা বলতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হন। অনুষ্ঠানটি হয় হোটেল রূপসী বাংলায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ ছাড়া গতকাল বিকেলে বিদেশি অতিথিরা স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এবং রাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের দেওয়া নৈশভোজে যোগ দেন। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদেশি অতিথিরা রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে সম্মাননা তুলে দেবেন। মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যুক্তরাজ্যের মাইকেল বার্নেস বলেন, ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের ত্যাগ, দুঃখ-কষ্ট বৃথা যায়নি। বাংলাদেশ আজ স্বাধীন দেশ। দুঃসময়ে বাংলাদেশকে অনেকেই সহায়তা করেছেন। সেই দুঃসময়ের বন্ধুদের বাংলাদেশ ভুলে যায়নি। একইভাবে নিজেদের মধ্যে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদেরও স্মরণ করতে হবে। আমরা কেউ যেন জেনারেল ওসমানীকে ভুলে না যাই।’ মহারানি বিভু কুমারী দেবী বলেন, ‘একাত্তরে আমি পাকিস্তানি আর্মির নৃশংসতা দেখেছি। তাদের নৃশংসতা থেকে রেহাই পেতে ৭০ লাখ বাংলাদেশি ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। সেদিন তাদের জন্য কিছু করতে পেরেছিলাম বলে গর্বিত।’ জাপানের অধ্যাপক সুয়োশি নারা বলেন, ‘বাংলাদেশে আমি নতুন নই। এ পর্যন্ত কুড়িবার এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছি। মুক্তিযুদ্ধের ৪০ বছর পরে এসে দেখছি, আমার বন্ধুদের অনেকেই বেঁচে নেই। তাই আমি আমার সেই প্রয়াত বন্ধুদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্মাননা নেব।’ তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক উন্নত হবে। সে জন্য তাড়াহুড়ো করবেন না। ধীরভাবে পরিকল্পনা করে এগোলে বাংলাদেশ একদিন জাপানের মতো উন্নত হবে। ডেনমার্কের কারস্টেন ওয়েস্টারগার্ড তাঁঁর বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা’ বলে। তার আগে এই নারী চিকিৎসক বলেন, ‘এখানে এসেছিলাম মার্চে। ২৬ মার্চ আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিলাম। বাইরে তখন বোমা ফুটছিল। সে জন্য এখন আমাকে কেউ যদি প্রশ্ন করে, কবে এসেছি। আমি উত্তর দিই ২৬ মার্চ, ১৯৭১ সাল। দেশে গিয়ে কোপেনহেগেনে ‘অ্যাকশন বিডি’ নামে একটি সংগঠন তৈরি করি। সেই সংগঠনের মাধ্যমেই বাংলাদেশের জন্য তহবিল গঠনের কাজ শুরু করি। যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়েইজব্রড বলেন, ‘একাত্তরে আমি একজন তরুণ ছাত্র মাত্র। বর্তমানে যেটি আইসিডিডিআরবি, আমি সেখানে স্নাতক শ্রেণীর ছাত্র হিসেবে কাজ করছিলাম। কাজ করতে করতেই আমি দেখেছি, পাকিস্তানি আর্মির ‘হরর’ সব কর্মকাণ্ড।’ মুক্তিযুদ্ধের অন্যতম সুহূদ সাংবাদিক সায়মন ড্রিং বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ আমরা বিদেশি সাংবাদিকেরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছি। ২৭ মার্চ কারফিউ তুলে নেওয়ার পর আমরা যে কজন সাংবাদিক বাইরে গিয়ে প্রামাণ্য তথ্য সংগ্রহ করি, তাঁরাই প্রথম মুক্তিযোদ্ধা। আজ আমি গর্বিত। কারণ আমি বাংলাদেশের গৌরবময় বিজয়ের অংশীদার। আমার সঙ্গে কাজ করেছিলেন ফ্রান্সের একজন ফটোসাংবাদিক। তিনি পরে ভিয়েতনাম যুদ্ধে কাজ করতে গিয়ে মারা যান। বাংলাদেশ সরকার তাঁকেও যেন সম্মান জানায়।’ সরকার সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রয়াত রিয়ার অ্যাডমিরাল সার্গেই পাভলোভিচ জুয়েনকো এবং তাঁর দলকেও সম্মাননা দিচ্ছে। এই দলটি যুদ্ধ-পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দরের পরিত্যক্ত ও ডুবে যাওয়া জাহাজ এবং মাইন অপসারণের কাজ করে। এ দলের দুই সদস্য আনাতলি ভি সকোলভ এবং কনস্টান্টিন আই সুসলিকভ দলের হয়ে সম্মাননা নিতে এসেছেন ঢাকায়। গতকাল তাঁরা কোনো বক্তৃতা দেননি। তবে তাঁরা প্রথম আলোকে জানান, সে সময় তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন। কাজটি শেষ করতে তাঁদের সময় লেগেছিল দুই বছর। বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বিশিষ্ট নাগরিক, সাংসদ, কূটনীতিক, বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ত, পঙ্গু মুক্তিযোদ্ধা, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আহত ব্যক্তিরা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।