মুক্তিযুদ্ধের গল্প লিখে পুরস্কার পেল শিক্ষার্থীরা
আখাউড়ায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা খুঁজে বের করল ১৭০ জন মুক্তিযোদ্ধাকে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে শুনল সেই অগ্নিঝরা দিনের কথা। সেই বর্ণনা শুনে তারা লিখল ‘যোদ্ধার স্মৃতিতে মুক্তিযুদ্ধ’ গল্প। স্কুল বিভাগে তিনজন ও কলেজ বিভাগে তিনজন পেল পুরস্কার। অংশগ্রহণকারী সব শিক্ষার্থী ও ১৭০ জন মুক্তিযোদ্ধাকে গতকাল শুক্রবার দেওয়া হয় সংবর্ধনা।
আখাউড়া পৌরসভার আয়োজনে বাংলাদেশের সংবিধানপ্রণেতাদের অন্যতম, মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার মেয়র তাকজিল খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু ছায়েদ মিয়া, ত্রিপুরা থেকে আসা বাচিক শিল্পী সুব্রজিৎ ভট্টাচার্য, ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান প্রমুখ।
কলেজ পর্যায়ে সেরা লেখায় প্রথম হয়েছে মাহবুবা আক্তার, দ্বিতীয় শেখ মোহাম্মদ সিফাতুল ইসলাম, তৃতীয় সুইটি আক্তার। বিদ্যালয় পর্যায়ে প্রথম ফারিহা মেহজাবিন, দ্বিতীয় স্বর্ণা আক্তার, তৃতীয় নুসরাত জাহান। ১৯টি বিদ্যালয়, তিনটি কলেজ ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের বাড়ি যায়। মুক্তিযুদ্ধের কথা শুনে চলতি মাসের ১৫ তারিখ জমা দেয় লেখা।