
বিদ্যালয়ের মাঠের দুপাশে সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে ৫৮টি দেয়ালিকা। এতে তুলে ধরা হয়েছে একুশে ফেব্রুয়ারির গৌরবগাথা, ঐতিহাসিক সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসের কথাসহ আলোচিত ও সমসাময়িক নানা ঘটনার বর্ণনা। দেয়ালিকায় লিখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দেয়ালিকাগুলোর নাম দেওয়া হয়েছে ঝাউ দরিয়ার ডানা।
কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মাঠে গতকাল মঙ্গলবার সকালে শুরু হয় দেয়ালিকা নিয়ে অভিনব এই উৎসবের। ঝাউ দরিয়ার ডানা-তে চোখ বুলিয়ে একঝলকে বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা ও মুক্তিসংগ্রাম সম্পর্কে কিছুটা ধারণা পাবে শিক্ষার্থীরা।
দেয়ালিকা উৎসবের উদ্বোধন করেন সচিব ও কবি আসাদ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ নুরুল হুদা, বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি মুহাম্মদ কুতুব উদ্দিন, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নিশাত খান, কবিতা বাংলার সাধারণ সম্পাদক ফরিদ আহমদ দুলাল, কবি সাকিল আহমদ (ভারত), কবি মানসী কীর্তনিয়া (ভারত), কবি কিরণ ভট্ট (নেপাল), কবি সুবাস প্যারাজুলি (নেপাল), কবি কামরুল হাসান, কবি ছলাহ উদ্দিন বেলাল, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম, কক্সবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
উৎসবে আসা শিক্ষার্থী সানজিদা আকতার ও জাহেদুল ইসলাম বলেন, দেয়ালপত্রিকা খুব একটা হয় না বললেই চলে। এত বড় দেয়ালিকা দেখে যে কেউ বিস্মিত হবে।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং বাংলা ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। দেয়ালিকা প্রকাশনা অনুষ্ঠানে কবি, সাহিত্যিকসহ বিশিষ্টজনদের উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম বলেন, দেয়ালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা লেখালেখিসহ সৃজনশীল কাজে আরও বেশি উৎসাহিত হবে।