চট্টগ্রামে স্বাধীনতা উৎসবে বক্তারা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্ম ও তরুণদের মধ্যে সঞ্চারিত করতে হবে। স্বাধীনতার ৪০ বছর পর আমরা এখনো রাজাকার, আলবদর, আলশামসসহ যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি। এ লজ্জা আমাদের।’‘রুদ্ধ দ্বারে আঘাত করো, মুক্ত করো প্রাণ’ স্লোগানকে হূদয়ে ধারণ করে ইউআইটিএস-প্রমার দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের সমাপনী দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা এবং আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গান, নাচ, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা এবং আলোচনার মধ্য দিয়ে গতকাল শনিবার দুই দিনব্যাপী এ উৎসব শেষ হয়। সমাপনী দিনে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, ইদ্রিস আলী ও মো. ইলিয়াস। এরপর ‘স্বাধীনতার পদাবলী’ বৃন্দ আবৃত্তি করে প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ। একক আবৃত্তি পরিবেশন করেন রণজিৎ রক্ষিত এবং বেলায়েত হোসেন। একক গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্রের শিল্পী কিরণ চন্দ্র রায়। কক্সবাজারের ওঁয়া ওঁয়া রাখাইন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে রাখাইন নাচ। এরপর দলীয় নৃত্য নিয়ে আসে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের সদস্যরা। উদীচী শিল্পীগোষ্ঠী পরিবেশন করে গণসংগীত।