মুক্তিযুদ্ধের চেতনা বলতে এখন আর কিছুই নেই: রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বাক্স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাই ছিল বাক্স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার রক্ষা। মুক্তিযুদ্ধের চেতনা বলতে এখন আর কিছুই নেই। দেশটা এখন মগের মুল্লুক।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে জেলা সমাজতান্ত্রিক দলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আ স ম আবদুর রব। তিনি অভিযোগ করেন, ‘দেশে এখন বিচারবহির্ভূত হত্যা চলছে। কাউকে ধরে নিয়ে গেলে পরে আর পাওয়া যায় না। ঘর কিংবা রাস্তায় কারোর নিরাপত্তা নেই।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কম গণতন্ত্র ও বেশি উন্নয়নের কথা বলছে।’ তিনি বলেন, ‘যে দেশে বিরোধী দল মিছিল-মিটিং করতে পারবে না, শুধু সরকারি দল করতে পারবে—এ থেকে বোঝা যায় আমরা কোথায় আছি।’
আ স ম আবদুর রব বলেন, ‘ভোট মানুষের অধিকার নয়, ভোট এখন সরকারের ভিক্ষা।’
জেলা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা বেলায়েত হোসেন, বিকাশ চন্দ্র সাহা, অধ্যক্ষ মো. মনছুরুল হক, অধ্যক্ষ আবদুল মোতালেব প্রমুখ।