মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ও বিভিন্ন প্রতিজ্ঞা-সংবলিত ক্লাস রুটিন বিতরণ করা হচ্ছে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ৮ মার্চ শহরের শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসচিব রহিম বক্স। এরপর থেকে প্রতিদিন জাফর ইকবালের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রদর্শন করা হয়। প্রদর্শনের আগে আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। এরপর চলে বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের মধ্যে ক্লাস রুটিন। ক্লাস রুটিনটিতে ‘কখনো মাদক নেব না’, ‘মিথ্যা কথা বলব না’, ‘বাল্য বিয়ে করব না’, ‘ইভ টিজিং করব না’, ‘দেখেশুনে রাস্তা পার হব’, ‘বড়দের সম্মান করব’, ‘দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব’ প্রভৃতি স্লোগান লেখা। প্রতিদিন কমপক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হচ্ছে।
রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ে ২৪ মার্চ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কুইন বলে, ‘আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। তবে এই সিনেমার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। সিনেমাতে আমাদের মতো শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরা হয়েছে। আমরাও রাশেদের মতো দেশের জন্য কিছু করতে চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ২৪ হাজার ক্লাস রুটিন বিতরণ করা হবে। শুরুতে সদর উপজেলায় দেখানো হলেও পর্যায়ক্রমে সারা জেলায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা মনোয়ার বেগম বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে বড় করতে হবে। তাহলে আমাদের দেশ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশে পরিণত হতে পারবে।’
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে কীভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। এতে করে মাদক, জঙ্গিবাদসহ অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেম আরও দৃঢ় হবে।’